আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

মোবারক হোসেন চৌধুরী নাছির
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:মোবারক হোসেন চৌধুরী নাছির.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাহিদুল ইসলাম সরকারের মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জাহিদুল ইসলাম সরকার (পিতা মৃত: তোফা মিয়া সরকার) খরিদ সূত্রে ছতুরা শরীফ গ্রামের মৃত হেলাল উদ্দিন সরকারের ওয়ারিশদের কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করে বৈধ মালিক হন। তিনি উক্ত জমির নামজারি, জমা খারিজ সম্পন্ন করে হাল সন পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। উল্লেখ্য, জাহিদুল ইসলাম মানবাধিকার কমিশন, চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত তাজুল ইসলামের ওয়ারিশগণ ওয়ারিশ গোপন রেখে জমি ক্রয় করেন। বৈধ মালিক হিসেবে জাহিদুল ইসলাম নিজ জমিতে দখল নিয়ে বেড়া দিয়ে রাখলেও তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (ইতালি প্রবাসী) দেশে এসে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমির বেড়া ও খুঁটি ভেঙে ফেলে দখলের চেষ্টা করেন।

 

এ বিষয়ে জাহিদুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে গণমাধ্যমকে অবহিত করেন, যা বিভিন্ন ভিডিও নিউজে প্রচারিত হয়। জমিটি জবরদখলমুক্ত করতে তিনি বর্তমানে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষকে ডেকে কাগজপত্র পর্যালোচনা করেন। তদন্ত শেষে তিনি জানান, আদালতে মামলা চলমান থাকায় প্রশাসনের পক্ষে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রুবেল মিয়া পুনরায় বেড়া ও খুঁটি অপসারণ করেন বলে অভিযোগ রয়েছে।

কসবা থানা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের জবরদখল মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

এ বিষয়ে মামলা নং ৪৫০/২০২৪ অনুযায়ী সরেজমিনে তদন্ত করেন সিআইডি পুলিশ পরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া, সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার। তদন্তে তিনি ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জাহিদুল ইসলাম ন্যায়বিচার দাবি করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত