ঢাকার অদূরে বুড়িগঙ্গা বেষ্টিত কেরানিগঞ্জে ইংরেজি শিক্ষার বিস্তৃতিকে আরও এগিয়ে নিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আমেরিকান স্কুল অফ ইংলিশ।
মঙ্গলবার বিকেলে কেরানিগঞ্জ মডেল টাউন এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
আয়োজকদের মতে, শিশু, কিশোর ও তরুণদের ইংরেজি শেখাকে সহজ, আনন্দময় এবং স্থায়ী করতে বিশেষ শিক্ষণপদ্ধতি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসী একটি প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন,
“আমরা চাই ইংরেজি শেখাকে ভয়ের নয়, আনন্দের জায়গায় নিয়ে যেতে। যাতে আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার খাতায় নয়, বাস্তব জীবনেও ইংরেজিকে কাজে লাগাতে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগীরা মনে করেন, কেরানিগঞ্জের তরুণ প্রজন্মকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
একজন অতিথি মন্তব্য করেন, “কেরানিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এই স্কুল ভিন্নধর্মী অবদান রাখবে।”
শিক্ষা সংশ্লিষ্টদের আশা—এই উদ্যোগ কেরানিগঞ্জের সামাজিক ও শিক্ষাগত পরিমণ্ডলে নতুন আলো জ্বালাবে।